স্টাফ রিপোর্টার:সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে মানার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লাইসেন্স ছাড়া কিংবা লাইসেন্সে উল্লেখিত শ্রেণি ব্যতীত অন্য কোনো যানবাহন চালানো আইনত দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কোনো ব্যক্তি বৈধ ড্রাইভিং লাইসেন্স বা শিক্ষানবিশ লাইসেন্স ছাড়া পাবলিক স্থানে মোটরযান চালাতে পারবেন না। একই সঙ্গে, যে শ্রেণির যানবাহনের জন্য লাইসেন্স প্রদান করা হয়েছে, তার বাইরে অন্য শ্রেণির যান চালানোও সম্পূর্ণ নিষিদ্ধ।
এছাড়া অনুমোদন ছাড়া গণপরিবহন চালানোও আইনের লঙ্ঘন বলে জানানো হয়েছে। এসব বিধান অমান্য করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের মুখোমুখি হতে হবে।
বিআরটিএ আরও জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে—অনেক চালক লাইসেন্স ছাড়াই বা ভুল ক্যাটাগরির লাইসেন্স দিয়ে যানবাহন চালাচ্ছেন। পাশাপাশি অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা এবং অযোগ্য অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা বেড়েছে, যার ফলে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
এ অবস্থায়, সকল চালককে বৈধ লাইসেন্স নিয়ে এবং নির্ধারিত ক্যাটাগরির যানবাহন চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে পরিবহন মালিকদেরও চালকদের যথাযথ যাচাই-বাছাই ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, আইন অমান্য করলে সংশ্লিষ্ট চালক ও যানবাহনের মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।