তানিম আহমেদ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভৌগাই নদীর ক্রমবর্ধমান ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।
সোমবার (২৩ মার্চ) এস এস বাংলা টিভিতে প্রকাশিত “নালিতাবাড়ীতে ভোগাই নদীর ভাঙন আতঙ্ক: টেকসই বাঁধ নির্মাণে এলাকাবাসীর দাবি” শিরোনামের প্রতিবেদনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ মার্চ) শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী ভাঙনকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পৌর শহরের চেয়ারম্যান ঘাট থেকে শুরু করে হেলিপেড শ্মশানঘাট, নিজপাড়া মন্দির এলাকা, উত্তর নিজপাড়া, গড়কান্দা , থানা গোদাড়া ঘাট, খালভাঙ্গা মন্দির ও শ্মশানঘাট, ভোগাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা এবং খালভাঙ্গা কবরস্থানসহ একাধিক ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেন। এছাড়াও ভোগাইপাড়, গোবিন্দনগর ও রাবার ড্যাম এলাকাও ঘুরে দেখেন তিনি।
এ সময় নদীর তীরবর্তী বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ঝুঁকিপূর্ণ অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেন এমপি।
পরিদর্শন শেষে এমপি ফাহিম চৌধুরী বলেন, এস এস বাংলা টিভি , সংবাদে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এসে দেখলাম, ভোগাই নদীর বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়েছে। এতে জনবসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শুরু করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কবির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইনুস আলী দেওয়ান,বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এম এ রায়হান, শফিকুল ইসলাম জিন্না, হাবিবুর রহমান লিটন, সাজ্জাদ হোসেন তুলিপ, আনিসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও ৪নং নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এবং ১২নং কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে এই বছরো ফসল ও বসতবাড়ি নষ্ট হবে বলে জানিয়েছেন।