স্টাফ রিপোর্টার:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থী ও শিল্পোদ্যোক্তা হাজী ফরহাদ হোসেনের ওপর হামলা, মারধর এবং তার ব্যবহৃত প্রাইভেটকার ভাংচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মরিচপুরান ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরীর পরামর্শে একটি কমিটি গঠন করা হয়। মঙ্গলবার ওই কমিটির সভা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় এমপির প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান প্রার্থী হাজী ফরহাদ হোসেন উপস্থিত হন।
এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা উপজেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও অপর চেয়ারম্যান প্রার্থী মাসুদ হোসেন তালুকদারের নেতৃত্বে একদল লোক তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় হাজী ফরহাদ হোসেন ও তার সহযোগী বিএনপি কর্মী ফুল মাহমুদ আহত হন। একই সঙ্গে হামলাকারীরা ফরহাদের ব্যবহৃত ব্যক্তিগত প্রাইভেটকার ভাংচুর করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত হাজী ফরহাদ হোসেনকে চেয়ারম্যানের কার্যালয়ের ভেতরে নিয়ে নিরাপত্তা দেওয়া হয়। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ ঘটনায় হাজী ফরহাদ হোসেনের ছোট ভাই স্বপন মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মাসুদ তালুকদার, যুবদল কর্মী রুকনুজ্জামান ও রাসেলসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
তবে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী মাসুদ হোসেন তালুকদার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বাজারে যাওয়ার পথে ইউনিয়ন পরিষদ এলাকায় লোকজনের জটলা ও বিক্ষোভ দেখতে পান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি উপস্থিত লোকজনকে শান্ত করার চেষ্টা করেন এবং চেয়ারম্যান প্রার্থী হাজী ফরহাদ হোসেনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করেন।
তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতেই তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। মাসুদ হোসেন তালুকদার আরও বলেন, “আমি কোনো হামলা বা বিশৃঙ্খলার সঙ্গে জড়িত নই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে দোষী করার চেষ্টা করা হচ্ছে।”
অন্যদিকে হাজী ফরহাদ হোসেন অভিযোগ করে বলেন, সম্প্রতি তার এক বন্ধুর ছেলে টিসিবির ডিলারশিপ পাওয়াকে কেন্দ্র করে মাসুদ তালুকদারের সঙ্গে বিরোধ তৈরি হয়। এ ছাড়া তিনি চেয়ারম্যান প্রার্থী হওয়া এবং ভিজিএফ বিতরণে এমপির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করায় প্রতিপক্ষ ক্ষুব্ধ ছিল বলে দাবি করেন। পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেছে এবং ভাংচুর হওয়া গাড়িটি জব্দ করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।